দুর্ঘটনার ১৬ দিন পর চট্টগ্রাম-দোহাজারীর পথে ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল রোববার ভোরে দোহাজারী থেকে যাত্রী নিয়ে একটি ট্রেন চট্টগ্রামে এসেছে। এর আগে শনিবার বিকেলে ওই পথে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মো. মফিজুর রহমান প্রথম আলোকে জানান, গত শুক্রবার রাতে উদ্ধার অভিযান পুরোপুরি শেষ করা হয়। এরপর শনিবার বিকেলে একটি ট্রেন দোহাজারীর উদ্দেশে চট্টগ্রাম থেকে যাত্রা করে। রোববার ভোরে সেই ট্রেনটি যাত্রী নিয়ে চট্টগ্রামে আসে।
মফিজুর রহমান বলেন, ‘উদ্ধার অভিযানের মধ্যেও জ্বালানি তেলবাহী একটি ট্রেন গত মঙ্গলবার দোহাজারী বিদ্যুৎকেন্দ্রে যায়। সেদিনই খালি ওয়াগন নিয়ে ট্রেনটি আবার চট্টগ্রামে ফিরে আসে। কিন্তু উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।’
গত ১৯ জুন চট্টগ্রাম থেকে ফার্নেস অয়েল নিয়ে দোহাজারী যাওয়ার পথে বোয়ালখালীর হারগেজি খালের সেতু ভেঙে ট্রেনের তিনটি ওয়াগন খালে পড়ে যায় ও ইঞ্জিন লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় প্রায় ৭০ হাজার লিটার ফার্নেস অয়েল পানিতে ছড়িয়ে পড়ে। হারগেজি খাল কর্ণফুলী নদীর সঙ্গে যুক্ত থাকায় জোয়ার-ভাটার মাধ্যমে এই তেল খাল থেকে নদীতে ছড়িয়ে পড়ে। তেলের দূষণ কর্ণফুলী থেকে হালাদা নদীতেও ছড়ায়।
রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনায় রেলের ইঞ্জিন ও চারটি ওয়াগন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ও ওয়াগন পাহাড়তলী কারখানায় মেরামতের জন্য পাঠানো হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. হারুন-অর-রশীদ প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত ওয়াগন কারখানায় মেরামত করতে অনেক সময় লাগবে। ইঞ্জিনের কতটা ক্ষতি হয়েছে, তা পাহাড়তলী ওয়ার্কশপে পরীক্ষার পর জানা যাবে।