দুর্ঘটনার ৮ ঘণ্টা পর কমল যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনার আট ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমেছে। আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে পুলিশের গাড়ির সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে পুলিশসহ দুজন নিহত হয়। বেলা সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট চলে।

নিহত দুই পুলিশ হলেন, ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্য রোকন উদ্দিন (২৭) এবং কাভার্ডভ্যানের চালকের সহকারী অজ্ঞাত ((৪০)। আহতদের মধ্যে পুলিশ সদস্য আবদুল হক (৪৮) ও আবুল কাশেমকে (৫৬) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর সাড়ে চারটার দিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির টহলরত গাড়িটি ইলিয়টগঞ্জ বাজারের দিকে যাওয়ার পথে পেছন দিক থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের গাড়ি থেকে ছিটকে পড়ে পুলিশ সদস্য রোকন উদ্দিন এবং কাভার্ডভ্যানের চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার পর থেকে মহাসড়কের দাউদকান্দির দিঘীরপর এলাকা থেকে চান্দিনার কুটুম্বপুর পর্যন্ত ১২ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। রেকার এনে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরাতে প্রায় তিন ঘণ্টা সময় লেগে যায়। এতে বিভিন্ন সড়কে যানজট হয়।

নোয়াখালীর মাইজদীর অবেদনবিদ চিকিৎসক আহমেদ করিম বলেন, মাইজদী যাওয়ার পথে পরিবারের সদস্যদের নিয়ে দাউদকান্দি দিঘীরপাড়ে প্রায় দুই ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে।

নিহতদের লাশ ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। হাইওয়ে পুলিশ পূর্বাঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে।