বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বলেছে, সড়ক দুর্ঘটনা এখন গণহত্যায় পরিণত হয়েছে। দুর্ঘটনারোধে সরকারের পদক্ষেপ যথার্থ নয়।
গতকাল শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী ফ্রন্টের বর্ধিত সভায় নেতারা এ কথা বলেন। সংগঠনটি সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এ গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে।
সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় জঙ্গিবাদের উত্থান, সুন্নি নামধারী সংগঠন আইএসের সন্ত্রাসী কর্মকাণ্ড, রাজনীতিতে অনৈক্য, রাস্তায় নিত্য যানজট, ধর্মীয় মূল্যবোধের অভাবে সামাজিক অবক্ষয়, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ এবং ইসলামী ফ্রন্টের নেতা নুরুল ইসলাম ফারুকী হত্যাকারীদের গ্রেপ্তারে সরকারের ব্যর্থতা নিয়ে আলোচনা হয়। নেতারা বলেছেন, ইসলামী মূল্যবোধ সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে সব অপকর্ম রোধ করা সম্ভব।
ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মান্নানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মহাসচিব এম এ মতিন, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মছিহুদ্দৌলাহ, আবু সুফিয়ান খান, হারুনুর রশিদ রেজভি, গাজি এম এ ওয়াহিদ সাবুরি প্রমুখ।