ভৈরব বন্ধুসভার পাঠচক্র সম্পাদক নিহত
দুর্ঘটনাস্থলে নামফলক গতিরোধক ও পদচারী সেতু নির্মাণের দাবি
সড়ক দুর্ঘটনায় নিহত ভৈরব বন্ধুসভার পাঠচক্র-বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসাইনের স্মরণে দুর্ঘটনাস্থলে নামফলক স্থাপন এবং দুর্ঘটনাস্থল ‘দুর্জয় ভৈরব’ চত্বরে গতিরোধকসহ পদচারী-সেতু নির্মাণের দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব দাবি-সংবলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সড়ক ও সেতুমন্ত্রীর কাছে দিয়েছে ভৈরব বন্ধুসভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ স্মারকলিপিটি গ্রহণ করে বলেন, তিনি দ্রুততম সময়ের মধ্যে স্মারকলিপিটি সড়ক ও সেতু মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করবেন।
ওই স্মারকলিপিতে চত্বরের আকার বড় করা এবং চত্বরের দুই পাশে আধা কিলোমিটারের মধ্যে সড়কের ওপর থাকা প্রায় অর্ধশত বাস কাউন্টার তুলে দেওয়ারও দাবি জানানো হয়। ভৈরব বন্ধুসভার সভাপতি মফিজুল ইসলাম বলেন, মোয়াজ্জেমের ঘটনাটিকে দুর্ঘটনার সঙ্গে তুলনা করা যায় না, বলা যায় প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। কারণ মোয়াজ্জেম তখন ‘দুর্জয় ভৈরব’ চত্বরের সিঁড়ির ওপর নিরাপদে দাঁড়িয়ে ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের মধ্যে দুর্জয় ভৈরব চত্বরটি অতি ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ স্থান। কিন্তু স্থানটি নিরাপদ নয়। সেখানে গতিরোধকসহ পদচারী-সেতু করা গেলে প্রাণহানি কমানো যাবে।
একই দাবিতে গতকাল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও ভৈরব বইমেলা পরিষদের পক্ষ থেকেও স্মারকলিপি দেওয়া হয়েছে।
মোয়াজ্জেম স্মরণে আজ শুক্রবার বিকেলে বন্ধুসভার উদ্যোগে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রথম আলো ভৈরব কার্যালয়ে এই কর্মসূচি পালিত হবে। এতে উপস্থিত থাকার জন্য মোয়াজ্জেম সুহৃদদের অনুরোধ জানিয়েছেন ভৈরব বন্ধুসভার সাধারণ সম্পাদক জনি আলম।
ভৈরব হাজি আসমত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের (অনার্স) ছাত্র মোয়াজ্জেম (২৩) গত মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হন। ‘দুর্জয় ভৈরব’ চত্বরের তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা তিতাস পরিবহনের একটি বাস একটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ‘দুর্জয় ভৈরব’ চত্বরে গিয়ে ছিটকে পড়ে। তখন মাইক্রোবাস চাপায় ঘটনাস্থলেই মোয়াজ্জেমের মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে ভৈরব বন্ধুসভা তিন দিনের শোক কর্মসূচি গ্রহণ করে।