দুর্ঘটনাস্থলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীর যে এলাকায় পামতেল ছড়িয়ে পড়েছে, সে এলাকা পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তরের একটি দল। গতকাল সোমবার অধিদপ্তরের কর্মকর্তারা পতেঙ্গায় তেল খালাসের স্থাপনা (রিভার মুরিং-৮) ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
গত রোববার বিকেলে ট্যাংকার থেকে পাইপের সাহায্যে টার্মিনালে তেল খালাসরত অবস্থায় ‘ফেং হাই-১৫’ নামের একটি তেলবাহী জাহাজ (ট্যাংকার) দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় তেল খালাসের পাইপ ভেঙে তেল পানিতে ছড়িয়ে পড়ে। আরেকটি জাহাজের নোঙরের সঙ্গে পেঁচিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে বন্দরের বেতার নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়।
গতকাল সকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হারুন উর রশীদ ও সিনিয়র কেমিস্ট কামরুল হাসান ঘটনাস্থলে যান। জোয়ার-ভাটার কারণে তেল নদীতে ছড়িয়ে পড়ে। যে কারণে তেলের নমুনা তাঁরা দেখতে পাননি বলে জানান। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মকবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনায় কিছু পরিমাণ তেল নদীতে পড়েছে। এর পরিমাণ দুই-তিন টনের মতো হবে। এরপরও সংশ্লিষ্টদের সতর্ক করা হবে।’
জাহাজের স্থানীয় প্রতিনিধি মোহাম্মদী ট্রেডিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক কাজী আবু নাঈম বলেন, ‘নদীতে পড়া তেলের পরিমাণ বেশি হবে না। কারণ, দুর্ঘটনার পরই জাহাজ থেকে তেল সরবরাহের মূল পথ বন্ধ করে দেওয়া হয়।’