দুর্ঘটনাস্থলের দুই কিলোমিটার দূরে ভেসে উঠল লাশ
সুনামগঞ্জে সুরমা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে নিখোঁজ হওয়া দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
নিহত দুজন হলেন সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের নূর মিয়া (৩৮) ও রহমতপুর গ্রামের সোহাগ মিয়া (১৯)।
গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার পৈন্দা নামক এলাকায় বালুভর্তি একটি বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ওই নৌকাটি ডুবে যায়। এতে ওই দুজন নিখোঁজ হন। আজ দুপুরে উপজেলার সুরমা নদীর পূর্বপাড়ে মোহনপুর গ্রামের পাশে নূর মিয়ার এবং পশ্চিমপাড়ে রহমতপুর গ্রামের পাশে সোহাগ মিয়ার লাশ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে দুই দিন খুঁজেছি, কিন্তু পাইনি। অথচ দুই দিন পর নিজ নিজ গ্রামের ঘাটেই তাঁদের লাশ ভেসে উঠেছে। দুর্ঘটনাস্থল থেকে ওই দুই গ্রামের দূরত্ব প্রায় দুই কিলোমিটার হবে।’
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জানে আলম খান জানান, লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।