দুর্ঘটনায় আহত আরও এক স্কুলছাত্র মারা গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে গত ১১ জুলাই ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত আরও এক ছাত্র মারা গেছে। তার নাম কাজল চন্দ্র নাথ। গতকাল বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃত শিশু-কিশোরের সংখ্যা ৪১ জনে দাঁড়িয়েছে।নিহত কাজল মিরসরাইয়ের আবুতোরাব উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। সে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের বাসিন্দা শিবুপ্রসাদ দেবনাথের ছোট ছেলে।কাজলের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের সেন্ট্রাল পয়েন্ট হাসপাতাল থেকে গত ২৩ জুলাই ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। গতকাল সকালে ঢাকা থেকে কাজলের লাশ নিয়ে তার বাবা শিবুপ্রসাদ মিরসরাইয়ের উদ্দেশে রওনা হন। গতকাল তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ছেলেটিকে শত চেষ্টা করেও বাঁচাতে পারলাম না। বড় ও মেজ ছেলে পড়ালেখা ছেড়ে দিলেও ছোট ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতাম।’ তিনি জানান, রাতেই (বৃহস্পতিবার দিবাগত রাতে) কাজলের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করা হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, চিকিৎসকদের অবহেলার কারণে কাজলের মৃত্যু হয়েছে। তবে এ অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে বিএসএমএমইউর চিকিৎসকদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। গতকাল শিবুপ্রসাদের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, দরিদ্র পান ব্যবসায়ী শিবুপ্রসাদ কাজলকে লেখাপড়া শেখাতে চেয়েছিলেন। দারিদ্র্যের কারণে অন্য দুই ছেলে লেখাপড়া ছেড়েছে। একজন বাবার সঙ্গে দোকানে বসে। অন্যজন গ্রিল তৈরির কারখানায় কাজ শিখছে। তাই বাবা-মায়ের ভরসা ছিল কাজল। দুর্ঘটনার ২৪ দিন পর এভাবে কাজলের মৃত্যু হবে, তা তাঁরা ভাবতে পারেননি। আবুতোরাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক বলেন, ‘যারা চলে গেছে তাদের তো ফিরে পাব না। আহত হয়ে যারা বেঁচে ছিল, তারাও যদি একে একে চলে যায়, আমরা কাদের নিয়ে বেঁচে থাকব? আমার এত ছাত্র হারানোর ব্যথা কীভাবে সইব?’গত ১১ জুলাই আবুতোরাব-বড়তাকিয়া সড়কে ট্রাক উল্টে ৪০ শিশু-কিশোর নিহত হয়।