দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতাকে ঢাকায় নেওয়া হলো
গোপালগঞ্জের কাশিয়ানীতে গতকাল শনিবার পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি শুভ্রজিৎ হালদার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাঁকে গতকালই ফরিদপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।
ফরিদপুর শেখ জামাল স্টেডিয়াম থেকে গতকাল শনিবার বেলা সোয়া তিনটার দিকে এয়ার অ্যাম্বুলেন্স করে তাঁকে নিয়ে যাওয়া হয়। শুভ্রজিৎকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকারিয়া বলেন, গতকাল বেলা ১১টার দিকে উপজেলার মাজরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি প্রাইভেট কারকে সামনে থেকে আইসক্রিমের একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। ওই প্রাইভেট কারের চালক ফরিদুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। ফরিদুল ইসলাম পিরোজপুর শহরের বড় পুকুরিয়া এলাকার বাসিন্দা।
এ সময় গাড়িতে থাকা পিরোজপুর ছাত্রলীগের সভাপতি শুভ্রজিৎ হালদার (২৮), সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম (২৫) ও সহসাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লা (২৫) আহত হন। তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আহত খাইরুল ইসলাম বলেন, ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা ঢাকায় গিয়েছিলেন। তাঁরা প্রাইভেট কারে করে পিরোজপুরে ফিরছিলেন।