দুর্ঘটনায় আহত ফটোসাংবাদিক জিয়া সংকটাপন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া ইসলাম
জিয়া ইসলাম

সড়ক দুর্ঘটনায় আহত প্রথম আলোর প্রধান আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলামের অবস্থা এখনো সংকটাপন্ন। গতকাল মঙ্গলবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে প্রায় চার ঘণ্টা ধরে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
জিয়া ইসলামকে গাড়িতে ধাক্কা দেওয়ার ঘটনায় কল্যাণ কোরাইয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কল্যাণ বিজ্ঞাপনের মডেল ও অভিনয় পেশার সঙ্গে যুক্ত। এর আগে জিয়াকে ধাক্কা দেওয়ার ঘটনায় গতকাল কলাবাগান থানায় মামলা করেন প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব.) সাজ্জাদুল কবীর।
মামলার এজাহারে বলা হয়েছে, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে বসুন্ধরা শপিংমলের সামনের সড়কে একটি বেপরোয়া গতির গাড়ি জিয়ার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সেখানে থাকা আরও কয়েকজন সাংবাদিক গাড়িটি থামানোর চেষ্টা করেন। কিন্তু ধাক্কা দেওয়ার পর গাড়িচালক সেখানে না দাঁড়িয়ে গাড়ির সামনে-পেছনের লাইট বন্ধ করে দ্রুতগতিতে পালিয়ে যান। যে কারণে গাড়ির নম্বরপ্লেট তাৎক্ষণিকভাবে কেউ দেখতে পারেননি। দুজন সাংবাদিক আহত জিয়া ইসলামকে একটি অটোরিকশায় তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
রাত দেড়টার দিকে কল্যাণ কোরাইয়া হাসপাতালে জিয়া ইসলামকে দেখতে যান। সেখানে তিনি উপস্থিত কয়েকজন সাংবাদিককে বলেন, তাঁর গাড়ির মাধ্যমে দুর্ঘটনাটি ঘটেছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, ঘটনা জানার পরপরই তদন্ত শুরু হয়েছে। ঘটনার আশপাশে কোনো সিসি ক্যামেরা আছে কি না, তার খোঁজ করা হচ্ছে। কল্যাণকে তাঁর মণিপুরি পাড়ার বাসা থেকে পুলিশ আটক করে দিনভর জিজ্ঞাসাবাদ করে। পরে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
জানা গেছে, দুর্ঘটনার পর জিয়া অচেতন অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সংকটাপন্ন অবস্থা দেখে হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। চিকিৎসকেরা জানান, তাঁর একটি পা ভেঙে গেছে। তবে সবচেয়ে গুরুতর হলো মাথার আঘাত।
গতকাল বেলা দুইটার দিকে জিয়া ইসলামকে অ্যাম্বুলেন্সে করে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে। তবে পর্যবেক্ষণের সময় বাড়তে পারে।
প্রায় দুই দশকের সাংবাদিকতা জীবনে বহুবার হামলা ও দুর্ঘটনায় শিকার হয়েছেন জিয়া ইসলাম। এর মধ্যে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনাতেও তিনি আহত হয়েছিলেন। আহত হলেও তিনি ক্যামেরা ছাড়েননি। ২১ আগস্ট হামলার বহুল প্রচারিত ছবিগুলোর বেশির ভাগই জিয়া ইসলামের তোলা।