দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধারের নামে লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা-বগুড়া মহাসড়কের বাঘাবাড়ী থেকে কাশীনাথপুর পর্যন্ত অংশে প্রায়ই সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। বাস, নসিমনসহ যেকোনো যানবাহন দুর্ঘটনাকবলিত হওয়ামাত্রই ছুটে আসে লোকজন। এদের কেউ ছুটে আসে নিঃস্বার্থভাবে উদ্ধারকাজে অংশ নিতে, কেউ আসে শুধু দেখতে, আর কেউ আসে উদ্ধারের নামে লুটপাট চালাতে। উদ্ধারের নামে নিহত বা আহত যাত্রীদের টাকা-পয়সাসহ মূল্যবান সামগ্রী লুটপাটের মতো অমানবিক ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসলেও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।চট্টগ্রামের আনোয়ারা থেকে গতকাল শুক্রবার পাবনার অনুকূল ঠাকুরের আশ্রমে যাওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে একটি বাস সাঁথিয়া উপজেলার সরিষায় দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় উদ্ধারের নামে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ দুর্ঘটনায় একজন নিহত ও ২৫ জন আহত হয়।আহত যাত্রী জয়শ্রী চক্রবর্তী (৪০) বলেন, ‘বাস থেকে বের করার সময় একজন গলার স্বর্ণের চেইনটা ছিঁড়ে নিয়ে গেল। কিছুই বলতে পারলাম না। তবে তাঁরা যে বাস থেকে আমাকে ও আমার স্বামী-সন্তানদের বের করেছেন এ জন্য আমি কৃতজ্ঞ।’ সামান্য আহত যাত্রী প্রশান্ত দত্ত বলেন, ‘আমার ব্যাগটি খুঁজে পাইনি। কেউ হয়তো নিয়ে গেছে।’স্থানীয় সাংবাদিক আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘বেড়া-সাঁথিয়ার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা হলে উদ্ধারের নামে লুটপাটের ঘটনা অনেকটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত যাত্রীদের কাছ থেকে প্রায়ই আমরা অমানবিক এ অভিযোগটি পেয়ে থাকি।’ সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফারুক বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের পাশাপাশি যাত্রীদের মালপত্রের নিরাপত্তার দায়িত্বও নিয়ে থাকি। তবে আমাদের আসার আগে লুটপাটসংক্রান্ত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে আমাদের তেমন কিছু করার থাকে না। আসলে সামাজিক সচেতনতা ও মানুষের বিবেকবোধ জাগ্রত না হলে অমানবিক এসব ঘটনা রোধ করা কঠিন ব্যাপার। তার পরও আমরা খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে থাকি।’