দুর্ঘটনায় আহত শিক্ষার্থীকে সহায়তা
সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী রিহাম আফছানার চিকিৎসার জন্য ১ লাখ ২০ হাজার টাকা সংগ্রহ করে দিয়েছে অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন আমরা-ই নোয়াখালী। গতকাল শুক্রবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে রিহামের বাবা মিজানুর রহমানের হাতে এই টাকার চেক তুলে দেওয়া হয়।
অর্থ হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা-ই নোয়াখালীর সমন্বয়ক ওয়াজেদ মহান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক হাবীব ইমন, প্রথম আলোর নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমান।
২০১৫ সালের সেপ্টেম্বরে নিজ বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনীতে যাওয়ার পথে কবিরহাট-বসুরহাট সড়কে দুর্ঘটনার শিকার হন রিহাম আফছানা। নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রিহামকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে তিনি আইসিইউতে আছেন।