দুর্ঘটনায় আহত: চিকিৎসাসেবা নিয়ে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনায় আহত যেকোনো ধরনের ব্যক্তিকে সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিতে নির্দেশনা জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার এ রুল দেন।

রাজধানীতে পৃথক ছিনতাইয়ের মুখোমুখি হয়ে খুলনার ব্যবসায়ী মো. ইব্রাহিম ও বরিশালের হেলেনা বেগমের প্রাণহানির প্রেক্ষাপটে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ওই রিটটি করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ, সঙ্গে ছিলেন আইনজীবী রিপন বাড়ৈ।

মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, সংবিধানের ৩২ অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার রক্ষণ বিষয়ে বলা আছে, যা ব্যক্তির মৌলিক অধিকার। তাই দুর্ঘটনা বা ছিনতাইয়ে মুখে পড়ে কেউ আহত হয়ে কাছের বেসরকারি হাসপাতালে বা ক্লিনিকে গেলে ব্যক্তিকে সেবা দিতে বাধ্য। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, সড়ক দুর্ঘটনাস্থলের কাছের হাসপাতাল বা ক্লিনিকগুলো তখন আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে। দ্রুত চিকিৎসা না পাওয়ার ফলে অনেকের মৃত্যু হয়। এমন ঘটনা বা পরিস্থিতি মানবাধিকারের লঙ্ঘন। এসব যুক্তিতে রিটটি করা হলে আদালত রুল দেন।

রুলে ইব্রাহিমের জীবন রক্ষায় এবং হেলেনার ক্ষেত্রে ছিনতাইকারীর হাত থকে জীবন রক্ষায় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। সেই সঙ্গে ইব্রাহিমের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে সালাহউদ্দিন স্পেশালাইজড হাসপাতালকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের মহাপরিচালক ও সালাহউদ্দিন স্পেশালাইজড হাসপাতালসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদন থেকে জানা যায়, ২৬ জানুয়ারি সায়েদাবাদ এলাকায় ছিনতাইকারীর উপর্যুপরি ছুরিকাঘাতে আহত খুলনার ব্যবসায়ী মো. ইব্রাহিম নিকটস্থ টিকাটুলির সালাহউদ্দিন হাসপাতালে গেলে প্রাথমিক চিকিৎসা দিতে অস্বীকার করে ঢাকা মেডিকেল হাসপাতালে যেতে পরামর্শ দেয়। ঢাকা মেডিকেলে চিকিৎসা পাওয়ার আগেই ইব্রাহিমের মৃত্যু হয়। ছিনতাইকারীর গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হন বেসরকারি একটি হাসপাতালের নারী কর্মী হেলেনা বেগম। ব্যক্তিগত গাড়ি থেকে ছিনতাইকারীরা হাতের ব্যাগ ধরে টান দিয়ে নিয়ে যাওয়ার সময় ওই গাড়িতে পিষ্ট হন তিনি। ২৬ জানুয়ারি ধানমন্ডি ৭ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। এই দুটি ঘটনা নিয়ে গণমাধ্যমে আসা খবর যুক্ত করে রোববার রিট আবেদনটি করা হয়।