দুর্ঘটনায় উদ্ধার প্রচেষ্টাকারীর প্রাণ গেল
দুর্ঘটনায় গাড়িতে আটকে পড়া এক চালককে রক্ষা করতে গিয়েছিলেন তাঁরা। উদ্ধারচেষ্টার একপর্যায়ে নিজেরাই এক বেপরোয়াগতির যানের শিকার হলেন। ফলাফল, একজনের মৃত্যু আর আহত ১০। আহতদের একজন পুলিশ।গত সোমবার গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকায় এ ঘটনা ঘটে। খিলক্ষেত থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত দুটার দিকে খিলক্ষেত বাসস্ট্যান্ডের পাশে দুটি ছোট পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি পিকআপ ভ্যানের চালক ভেতরে আটকা পড়েন। তখন পুলিশ ও স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে গিয়ে ওই চালককে উদ্ধার করার চেষ্টা চালাতে থাকেন। একপর্যায়ে বিমানবন্দর এলাকা থেকে আসা সিমেন্টবাহী দ্রুতগামীর একটি কাভার্ড ভ্যান তাঁদের সজোরে ধাক্কা দিয়ে চলে যায়।গুরুতর আহত অবস্থায় ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. আলীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন: খিলক্ষেত থানার কনস্টেবল জামাল উদ্দিন ও স্থানীয় আজম আলী; রানু বেগম, ইসহাক দুলাল, আমিনুর, শাহ আলম, আবুল হোসেন, মোহাম্মদ জসীম, জামাল। একজনের নাম জানা যায়নি। খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া বলেন, একই স্থানে প্রায় একই সময়ে এ দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তবে প্রথম দুর্ঘটনায় দুজন আহত হলেও কেউ নিহত হয়নি। এই দুই ঘটনায় থানায় মামলা হয়েছে।