দুর্ঘটনায় এক বছরেই প্রাণ গেল ৫০ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে তিন চাকার যান (থ্রি-হুইলার) চলাচল নিষিদ্ধ। কিন্তু পাবনা থেকে বাঘাবাড়ী পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার অংশে অটোরিকশা, নছিমন-করিমনসহ তিন চাকার যান চলছে। এসব যানের কারণে গত এক বছরে মহাসড়কের ওই অংশে দুর্ঘটনায় অর্ধশতাধিক মানুষের প্রাণ গেছে বলে অনুসন্ধানে জানা গেছে।

সরেজমিন দেখা গেছে, পাবনা থেকে বাঘাবাড়ী পর্যন্ত মহাসড়কে বাস-ট্রাকসহ বিভিন্ন বৈধ যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোভ্যান ও নছিমন-করিমন। নিষিদ্ধ এসব তিন চাকার যানগুলোর জন্য বেড়া ও কাশীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ স্ট্যান্ড। এসব স্ট্যান্ডে ২০ থেকে ২৫টি করে সিএনজিচালিত অটোরিকশা, অটোভ্যান ও নছিমন-করিমন জড়ো হয়ে থাকছে। এতে সেখানে যানজটের সৃষ্টি হচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, পাবনা-ঢাকা মহাসড়কের পাবনা থেকে বাঘাবাড়ী পর্যন্ত অংশে গত এক বছরে ২৫টির বেশি দুর্ঘটনায় নিহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। দুর্ঘটনাগুলোর কবলে পড়া বেশির ভাগ যানই তিন চাকার বলে জানা গেছে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদেরও বেশির ভাগ তিন চাকার যানের। এসব দুর্ঘটনার মধ্যে গত বছরের ১৫ আগস্ট সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে কাশীনাথপুরে। ওই দিন সকালে কাশীনাথপুরের ফুলবাগান এলাকায় বালুবাহী ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ছয়জন নিহত হয়। নিহত ব্যক্তিদের সবাই অটোরিকশার যাত্রী ছিল। ১৩ আগস্ট কাশীনাথপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে বাস ও নছিমনের সংঘর্ষে দুজন নিহত হয়। ২২ জুন ইটবোঝাই ভটভটি উল্টে নিহত হয় দুজন। ১৬ এপ্রিল বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে স্কুলশিক্ষকসহ তিনজন নিহত হন।

এ ছাড়া ১৬ সেপ্টেম্বর শিবপুরে অটোরিকশা ও করিমনের সংঘর্ষে একজন যাত্রী, ১২ আগস্ট কাশীনাথপুরে ট্রাক-নছিমন সংঘর্ষে নছিমনের এক যাত্রী, ১ জুলাই মাটিবাহী ট্রলিচাপায় বিষ্ণুপুরে একজন পথচারী, ২২ মে কাশীনাথপুরে অটোরিকশা ও নছিমনের সংঘর্ষে একজন, ১০ এপ্রিল কাশীনাথপুর বাসস্ট্যান্ডে নছিমনের ধাক্কায় একজন পথচারী, ৩১ মার্চ শহীদনগরে দুটি অটোভ্যানের সংঘর্ষে একজন এবং ৩ মে বেড়া বাসস্ট্যান্ডে নছিমনের চাপায় এক গরু ব্যবসায়ী নিহত হন। তা ছাড়া এ বছর তিন চাকার যানের কারণে ওই সড়কে প্রাণ হারায় ২৫-৩০ জন।

তিন চাকার যানের সবশেষ দুর্ঘটনাটি ঘটে ২ জানুয়ারি। ওই দিন বাঘাবাড়ীতে অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়।

বেড়া পৌর এলাকার ট্রাকচালক জানে আলম বলেন, ‘মহাসড়কে নছিমন-করিমন, অটোভ্যান আর সিএনজির পরিমাণ এত বাড়িছে যে আমাগর চলাচল মুশকিল হয়া দাঁড়াইছে। এগুলোর চালকেরা গাড়ি চালানোর নিয়ম যেমন বোঝে না, তেমনি ঠিকমতো নিয়ন্ত্রণেও রাখতে পারে না। ফলে ওরা বিপদে পড়ার পাশাপাশি আমাগরেও বিপদে ফালায়।’

পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রইজউদ্দিন বলেন, ‘গত এক বছরে যে দুর্ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর জন্য দায়ী মূলত তিন চাকার যানবাহন। মহাসড়কে এগুলোর চলাচল বন্ধের দাবিতে আমরা বারবার আন্দোলন করেছি। কিন্তু এগুলোর চলাচল বন্ধ হচ্ছে না।’

পাবনার মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) সার্জেন্ট শহীদ হোসেন বলেন, ‘আমাদের আওতাধীন এলাকাটি বড়। কিন্তু সেই তুলনায় জনবল কম। ফলে পাবনা থেকে বাঘাবাড়ী পর্যন্ত অংশে কতটি দুর্ঘটনা ঘটেছে বা কতজনের মৃত্যু হয়েছে, সে-সম্পর্কিত সব তথ্য আমাদের কাছে নেই। তবে দুর্ঘটনাগুলোর পেছনে তিন চাকার যানবাহনগুলোর ভূমিকাই বেশি। এগুলো বন্ধ করতে আমাদের আগের আইসি যথেষ্ট চেষ্টা করেছেন। আর সম্প্রতি এখানে যোগ দেওয়ার পর থেকে আমিও চেষ্টা করে যাচ্ছি।’