দুর্ঘটনায় কয়েক শ যান দুই ঘণ্টা ধরে সড়কে আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুরে এক সড়ক দুর্ঘটনায় কয়েক শ যানবাহনকে দুই ঘণ্টাব্যাপী আটকে থাকতে হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার মহিপুর এলাকায় সকাল ১০টায় ওই দুর্ঘটনা ঘটে। এতে ঢাকাগামী বিআরটিসি বাসের নারীসহ আট যাত্রী আহত হন।আহতেরা হলেন—বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকার ফারজানা বেগম (৩৫) ও তাঁর মেয়ে জান্নাত (১৩), রংপুর কালীগঞ্জ এলাকার মো. শামিম (৩০), বগুড়া সদরের মো. রনি (৩০), সারিয়াকান্দির রতন (৩২) ও আদমদীঘির আরিফুর রহমান (৩৫)। আহত অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন জানান, বিআরটিসি বাসটি ঢাকার দিকে যাওয়ার সময় বগুড়াগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। একই সময় বগুড়াগামী অপর একটি ট্রাক প্রথম দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে এসে ধাক্কা দেয়। এতে ট্রাক দুটির একটি মহাসড়কের ওপর ও খাদে উল্টে পড়ে এবং বাসটি মহাসড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকে। ফলে মহাসড়কের দুই পাশের যানবাহন দুপুর ১২টা পর্যন্ত আটকে থাকে।