
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুেণ্ড গতকাল শুক্রবার কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. জাফর ও মো. আলী নামের দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন৷ পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকা পড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাঁদের মৃত্যু হয়৷
এদিকে গতকাল কুমিল্লার দাউদকান্দিতে মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়৷ দূরপাল্লার যাত্রীদের পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ৷ যানজটে আটকা পড়া এক কলেজছাত্রী সংজ্ঞা হারিয়ে ফেলে৷
সীতকুণ্ডের পুলিশ জানায়, গতকাল বিকেলে এ দুর্ঘটনা ঘটে৷ জাফর (৪০) ও আলীর (৩০) বাড়ি ভাটিয়ারী ইউনিয়নে৷ জাফর ভাটিয়ারীতে জাহাজের স্ক্র্যাপ লোহার ও আলী মিষ্টির ব্যবসা করতেন৷ জাফর ও আলী গতকাল বিকেলের দিকে ভাটিয়ারী থেকে মোটরসাইকেলে সীতাকুণ্ড যাচ্ছিলেন৷ বেলা সাড়ে তিনটার দিকে তাঁদের মোটরসাইকেলটি বাড়বকুণ্ডের পিএইচপি কাচ তৈরির কারখানার সামনে গেলে বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়৷ এতে তাঁরা গুরুতর আহত হন৷ পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়৷ সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়ায় যানজটের কবলে পড়ে৷ বিকেল সাড়ে পাঁচটার দিকে পথেই দুজনের মৃত্যু হয়৷
বারআউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. মনিরুল ইসলাম বলেন, পুলিশ দিন-রাত যানজট নিরসনে চেষ্টা করে যাচ্ছে৷ কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দের কারণে এক সপ্তাহ ধরে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে টানা যানজট লেগে আছে৷
দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, অতিরিক্ত ও এলোপাতাড়ি যান চলাচলের কারণে মহাসড়কের দাউদকান্দি উপজেলার পুটিয়া থেকে কুমিল্লার বুড়িচংয়ের কালাকচুয়া পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়৷
কুমিল্লা রেসিডেনসিয়াল কলেজের দ্বাদশ বিজ্ঞান শাখার ছাত্রী সুমা আক্তার দাউদকান্দি উপজেলার ইছাপুর গ্রামের বাড়ি ফেরার উদ্দেশে সকাল সাতটার দিকে কুমিল্লার শাসনগাছা থেকে একটি বাসে ওঠেন৷ বেলা দুইটার দিকে বাসটি চান্দিনার গোমতা এলাকায় পেঁৗছায়৷ এ সময় প্রচণ্ড গরমে বাসেই সংজ্ঞা হারিয়ে ফেলেন সুমা৷ পরে প্রাথমিক চিকিৎসায় সংজ্ঞা ফেরে তার৷
নোয়াখালীর রায়পুর থেকে ঢাকাগামী বাসের চালক আবুল কালাম বলেন, কুমিল্লার কালাকচুয়া থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৩৯ কিলোমিটার পথ পাড়ি দিতে ছয় ঘণ্টার বেশি লাগে৷
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, কয়েক দিনের বর্ষণে মহাসড়কে বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় এবং বর্ষণের পর অতিরিক্ত ও এলোপাতাড়ি যান চলাচলে এ যানজটের সৃষ্টি হয়৷
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার েলন প্রকল্পের উপপ্রকল্প ব্যবস্থাপক জয়প্রদ মণ্ডল বলেন, গতকাল সকাল থেকেই গর্ত মেরামতের কাজ শুরু হয়েছে৷