দুর্ঘটনায় ছাত্র ইউনিয়নের নেতার মৃত্যু, তিন দিনের শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি ও জাতীয় পরিষদ সদস্য সুব্রত দে মলয়ের (২৮) মৃত্যুতে সারা দেশে তিন দিনের শোক কর্মসূচি দিয়েছে ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার রাতে কক্সবাজার শহরের প্রধান সড়কে মলয়ের মোটরসাইকেলকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কক্সবাজার থানায় একটি হত্যা মামলা হয়েছে।কক্সবাজার থানার পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটায় মোটরসাইকেলযোগে শহরে প্রবেশের সময় প্রধান সড়কের ঝাউতলায় পেছন দিক থেকে একটি মাছবোঝাই ট্রাক সজোরে ধাক্কা দেয় মলয়কে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রাত ১১টায় জেলা ছাত্র ইউনিয়ন মলয় হত্যার প্রতিবাদে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রিদুয়ান আলী জানান, মলয় বাগেরহাট জেলার শালতলা উপজেলার কুনতলা গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং গত বছরের মার্চ মাসে তিনি কক্সবাজার শহরের একটি জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের জেলা ইনচার্জ পদে যোগ দেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, রাতেই ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আত্মীয়স্বজনের হাতে হস্তান্তর করা হয়েছে। গতকাল রাতে মলয়ের মৃতদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে রাখা হলে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধুরা শ্রদ্ধা জানাতে আসেন। ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতারা এ সময় কান্নায় ভেঙে পড়েন।