দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যু নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত হওয়ার ঘটনায় দায়ী পিকআপ ভ্যানচালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ওই কর্মসূচি পালন করেন। গত বুধবার বিকেল পাঁচটার দিকে শ্যামলীর বাসা থেকে রিকশায় করে লালমাটিয়া যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের ছাত্রী তানজিলা রহমান তন্বী। পরে তাঁকে পান্থপথের শমরিতা হাসপাতালে ভর্তি করা হলে রাত আটটার দিকে তিনি মারা যান।গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের এক পাশে আয়োজিত মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের সভাপতি মো. মাহমুদুুর রহমান, অধ্যাপক এম আবুল কাশেম মজুমদার, শিক্ষক মুহাম্মদ ছায়েদুর রহমান, জেবউননেছা, হরে কৃষ্ণ কুণ্ডসহ বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক এম আবুল কাশেম মজুমদার ও শিক্ষার্থী ফুয়াদ মো. খালিদ হোসাইন। বক্তারা দুর্ঘটনায় দায়ী পিকআপ ভ্যানচালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবি জানান। পরে তাঁরা তিন দিনব্যাপী শোক কর্মসূচির ঘোষণা করেন। কর্মসূচিতে রয়েছে আগামীকাল শনিবার শোকযাত্রা, রোববার গণস্বাক্ষর, সোমবার আলোচনা সভা ও মিলাদ মাহফিল।শিক্ষার্থী ফুয়াদ মো. খালিদ হোসাইন বলেন, ‘আমি অত্যন্ত মর্মাহত। অল্প কিছুদিনের মধ্যেই তানজিলা তাঁর বিনয়ী আচরণ দিয়ে সবাইকে আপন করে নিয়েছিলেন।’অধ্যাপক এম আবুল কাশেম মজুমদার বলেন, ‘আমরা শোকাহত। সন্তানতুল্য একজন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারছি না।’এদিকে তানজিলা রহমানের মৃত্যুতে শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও শিক্ষক সমিতির সদস্যরা।