দুর্ঘটনায় ছেলের পর প্রাণ হারালেন বাবাও
খুলনা নগরের মুজগুন্নী বাসস্ট্যান্ডের কাছে গত শনিবার বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। ওই বৃদ্ধের ছেলে ছয় মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা যান।মারা যাওয়া ওই বৃদ্ধের নাম আবুল কালাম আজাদ (৬০)। তিনি মংলা বন্দরের সাবেক কর্মকর্তা ও নগরের খালিশপুর পুরাতন কলোনির ১২৬ সড়কের বাসিন্দা। আসরের নামাজ শেষে ছেলের কবরের কাছে আবুল কালাম আজাদকে দাফন করা হয়।খুলনা-যশোর মহাসড়কের মুজগুন্নী বাসস্ট্যান্ডের কাছে শনিবার ভোর সাড়ে ছয়টায় নগর পরিবহনের একটি বাসের ধাক্কায় আবুল কালাম আজাদ প্রাণ হারান।খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাবুদ্দিন আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গাড়ি চালক ও তাঁর সহকারী পলাতক রয়েছেন।নিহত ব্যক্তির স্বজনেরা জানান, প্রতিদিনের মতো শনিবার ভোরে আবুল কালাম স্থানীয় পোর্ট মসজিদে ফজরের নামাজ পড়তে যান। সেখান থেকে মুজগুন্নী এলাকায় যাওয়ার পথে বাসস্ট্যান্ডের একটি বাস তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।২০১১ সালের ২৫ আগস্ট রাতে নগরের নিউমার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদের ছেলে এ আর রহমান ওরফে শাওন নিহত হন।