দুর্ঘটনায় ঝরল এইচএসসি পরীক্ষার্থীসহ তিন প্রাণ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক এইচএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছকির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ উপজেলার টোংগা গ্রামের মো. বিপ্লব হোসেন (২৪), সিংগের গাড়ি গ্রামের আবদুল কাইয়ুম (২০) ও মাসুদ খান (২৫)। নিহত আবদুল কাইয়ুম এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. বিপ্লব হোসেন মোটরসাইকেলে করে সিংগের গাড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ আসছিলেন আবদুল কাইয়ুম ও মাসুদ খান। দুপুর সাড়ে ১২টার দিকে ছকির বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মাসুদ খান।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বলেন, দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত মাসুদ খানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।