দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত
রাজধানীতে গত দুই দিনে দুর্ঘটনায় তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল বিকেলে উত্তরায় ব্যক্তিগত গাড়ির ধাক্কায় প্রাণ হারান মোহাম্মদ করিম (৩০) নামের এক ব্যক্তি। পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে মোহাম্মদ করিম টাঙ্গাইলের গোপালপুর থেকে তাঁর চাচাতো ভাই শহীদুল ইসলামের উত্তরার বাসায় বেড়াতে আসেন। দুপুরে খাওয়ার পর তিনি হজরত শাহজালাল বিমানবন্দর দেখতে বাসা থেকে বের হন। একপর্যায়ে উত্তরায় র্যাব-১-এর কার্যালয়ের সামনে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। দ্রুতগামী একটি ব্যক্তিগত গাড়ি করিমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত করিমকে প্রথমে উত্তরার সেন্ট্রাল হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে গত বুধবার রাতে দুর্ঘটনায় আহত হয়ে প্রাণ হারান ব্যবসায়ী আলমগীর হোসেন (৩০)। রাত আটটার দিকে শেরেবাংলা নগরের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে বাসের ধাক্কায় আহত হন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মধ্যরাতের পর মারা যান আলমগীর। তিনি কাফরুল থানার উত্তর শেওড়াপাড়ায় থাকতেন।এদিকে গত বুধবার সন্ধ্যায় খিলক্ষেত এলাকার বনরূপা প্রকল্পের কাছে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন সৈকত সিমলা (২৭) নামের এক যুবক। সিমলার মামা শরিফুল ইসলাম জানান, তিনি একটি চাকরির সাক্ষাৎকারের জন্য গত বুধবার খুলনার দাকোপ থেকে ঢাকায় এসেছিলেন। ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।