দুর্ঘটনায় তিনজন আহত, ভাঙচুর বাসে আগুন
গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল শনিবার সকালে বাসচাপায় দুই শ্রমিকসহ তিনজন আহত হন। কিন্তু তাঁরা নিহত হয়েছেন—এমন গুজবে অন্য শ্রমিকেরা মহাসড়কে অবরোধ করেন। এ সময় তাঁরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। আগুন দেন একটি যাত্রীবাহী বাসে।
আহত তিনজন হলেন দিগন্ত সোয়েটার কারখানার নিরাপত্তাকর্মী ফজলুল হক (৫০), অপারেটর বাবুল মিয়া (২৫) ও অজ্ঞাতনামা মোটরসাইকেলচালক (৩৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল পৌনে আটটার দিকে ইটাহাটা এলাকায় দিগন্ত সোয়েটার কারখানার সামনে ফজলুল হক সংকেত দিয়ে শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারে সহায়তা করছিলেন। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক, ফজলুল হক ও বাবুল আহত হন। তাঁদের মধ্যে বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে স্থানীয় একটি হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়।
এদিকে কারখানার শ্রমিক বাবুল ও ফজলুল মারা গেছেন—কারখানায় এমন গুজব ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। ওই বাসটিসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এ ছাড়া এ সময় বিপরীত দিক থেকে আসা একই পরিবহনের আরেকটি বাস ওই এলাকা অতিক্রমকালে শ্রমিকেরা ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন। পরে খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভান। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ ছাড়া আগুনে পোড়া বাসটি সরিয়ে নেওয়া হলে পৌনে নয়টার দিকে মহাসড়কে আবার যান চলাচল শুরু হয়।