দুর্ঘটনায় দিশেহারা এক পরিবার
চট্টগ্রাম নগরের টোল সড়কের ফকির শাহ বাড়ি এলাকায় গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন হাসিনা আক্তার (৩৫) ও তাঁর মেয়ে উম্মে হাবিবা (১০)। দুজনই এখন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার চার দিন পরও জ্ঞান ফেরেনি হাসিনা আক্তারের। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁর স্বামী নৌবাহিনীর সদস্য মো. হাসান ইমাম (৪৪)।
নিহত হাসান ইমাম চট্টগ্রাম নগরের পতেঙ্গার রংধনু আবাসিক এলাকায় স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন। একমাত্র ছেলে হিফজুল হাসান বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। মেয়ে একই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির ছাত্রী।
চট্টগ্রাম আকবর শাহ থানার পুলিশ ও হাসিনা আক্তারের স্বজনেরা জানান, ১৬ ডিসেম্বর উম্মে হাবিবার ডান পা ভেঙে যায়। তাঁকে বাসার পাশে নেভি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে তাঁকে বৃহস্পতিবার চট্টগ্রাম সিএমএইচে ভর্তি করাতে নৌবাহিনীর অ্যাম্বুলেন্সে করে রওনা দেন হাসান ইমাম ও হাসিনা আক্তার। টোল সড়কের ফকির শাহ বাড়ি এলাকায় পৌঁছার কনটেইনারবাহী একটি লরি তাঁদের অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান হাসান ইমাম। আহত অবস্থায় মা ও মেয়েকে চট্টগ্রাম সিএমএইচে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে হেলিকপ্টার করে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয় তাঁদের। হাসিনা আক্তার সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
নিহত হাসান ইমামের ভাতিজা চিকিৎসক আমিনুল ইসলাম বলেন, ‘লরির ধাক্কায় চাচা মারা গেছেন। এখনো চাচিও গুরুতর অসুস্থ। তাঁর যাতে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয় কর্তৃপক্ষের কাছে এটাই অনুরোধ।’
এদিকে লরিচালক আবদুল আজিজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজউদ্দিন চৌধুরী।