দুর্ঘটনায় দুই জেলায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ও চুয়াডাঙা জেলায় পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শনিবার এ দুর্ঘটনাগুলো ঘটে।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ট্রাকের ধাক্কায় চাঁদ আলী (৬০) নামের এক বাইসাইকেল-চালক নিহত হয়েছেন। আজ সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁদ আলী দবির মোল্লাগেট এলাকার বাসিন্দা ছিলেন।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুর রশীদ সরকার বলেন, সকালে বাইসাইকেল নিয়ে কুষ্টিয়া শহরের বড় বাজারের দিকে যাচ্ছিলেন চাঁদ আলী। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে চাঁদ আলী মারা যান।

চুয়াডাঙ্গার আলমডাঙা উপজেলার বড় গাংনী ইউনিয়নের সোহাগ মোড়ে ইটবাহী ভটভটির (লাটাহাম্বার) ধাক্কায় আবু সুফিয়ান (৬২) নামে এক বাইসাইকেল-চালক নিহত হয়েছেন।
নিহত আবু সুফিয়ানের বাড়ি একই উপজেলার খাদিমপুর ইউনিয়নের আলিয়াটনগর গ্রামে। তিনি পেশায় কৃষক ছিলেন।
প্রত্যক্ষদর্শী মো. হাবলু মিয়া বলেন, আজ সকালে আবু সুফিয়ান আলিয়াটনগর থেকে বাইসাইকেল চালিয়ে হাট বোয়ালিয়া বাজারে যাচ্ছিলেন। সোহাগ মোড় এলাকায় পৌঁছালে ইটবাহী ভটভটি তাঁকে ধাক্কা দেয়। মুমূর্ষু অবস্থায় আবু সুফিয়ানকে চুয়াডাঙা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীবুল ইসলাম বলেন, পেটের ওপর দিয়ে গাড়ির চাকা চলে যাওয়ায় আবু সুফিয়ানের মৃত্যু হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ চুয়াডাঙা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।