দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু
মোটরসাইকেলের ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। তাঁদের একজন শরীফা বেগম (৪৫), অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে শেরেবাংলা নগর থানা এলাকায় একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আহত হন শরীফা বেগম। ধাক্কা দিয়েই মোটরসাইকেল চালক দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত শরীফা বেগমকে উদ্ধার করে পাশের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। এই হাসপাতালের সামনের সড়ক পার হওয়ার সময়ই তিনি আহত হয়েছিলেন। অবস্থার অবনতি হলে সকাল সোয়া নয়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক ঘটনা নিশ্চিত করে বলেন, শুধু সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শরীফার স্বামী ভ্যানচালক। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শরীফা পরিবারের সঙ্গে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় স্টাফ কোয়ার্টারে থাকতেন। তিনি বিভিন্ন বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন।
এ ছাড়া বুধবার দিবাগত রাত একটার দিকে বিমানবন্দর ও ক্যান্টনমেন্ট রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হন। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। পরনে কালো, নীল ও সবুজ রঙের সালোয়ার এবং নীল ও বেগুনি রঙের কামিজ ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।