দুর্ঘটনায় নিহত
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. রুম্মান ফকির (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার জগন্নাথকাঠি-চাদকাঠী সড়কের সোহাগদল গ্রামের পঞ্চায়েত বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুম্মান পার্শ্ববর্তী কাউখালী উপজেলার শীর্ষা গ্রামের আবদুস সাত্তার ফকিরের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ভোরে রুম্মান ফকির বাড়ি থেকে মোটরসাইকেলে নেছারাবাদ উপজেলার ইন্দুরহাট বাজারে যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে পঞ্চায়েত বাড়ি এলাকায় বিপরীত দিক দিয়ে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পাশ দিতে গিয়ে রুম্মানের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।