দুর্ঘটনায় নিহত পুলিশের সংখ্যা বেড়ে ৪
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় পুলিশ ভ্যান দুমড়ে মুচড়ে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে পৌঁছেছে। গতকাল শুক্রবার তিন পুলিশ সদস্য নিহত হন। আজ শনিবার ফারুক হোসেন (৩৯) নামে আরও একজন মারা গেছেন।
সকালে হাসপাতালে মারা যাওয়া এই পুলিশ সদস্যের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। এর আগে নিহতেরা হলেন, সৈয়দপুর থানার কনস্টেবল শামসুল আলম (৫৫), মাইজুল ইসলাম (২৬) ও শরিফুল ইসলাম (৩৬)। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনসহ ৬ জন এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে ওসি ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের ১০ সদস্যের একটি দল আসামি ধরতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। উত্তরা আবাসন এলাকা দিয়ে রেললাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি তাঁদের বহনকারী গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং রেললাইনের পাশে ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই মারা যান কনস্টেবল মো. শামসুদ্দিন (৩৫)। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত নয়জনকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর শহরের ১০০ শয্যার সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাইদুল ইসলাম (২২) নামে এক কনস্টেবল মারা যান। হাসপাতালে নেওয়ার পর শরিফুল ইসলাম নামে আরও একজন মারা যান।
সৈয়দপুর রেলওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, ওই এলাকায় রেলগেট না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ সুপার জাকির হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান, সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান ও সৈয়দপুর সার্কেলের এএসপি সাজেদুর রহমানও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার বলেছেন, অরক্ষিত রেলগেটে গেটম্যান না থাকায় এবং লেভেল ক্রসিংয়ের আগে বাঁক থাকায় কিছু বুঝে উঠার আগেই দুর্ঘটনাটি ঘটেছে।