দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েছে
সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা ২৭ শতাংশ বেড়েছে। ২০১৬ সালের সারা দেশে দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ৪ হাজার ১৪৪ জন। ২০১৭ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪৫ জনে।
আজ সোমবার সংবাদ সম্মেলন করে এই তথ্য প্রকাশ করেছে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ২০১৭ সালে দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন। ছয়টি জাতীয় পত্রিকা, অনলাইন সংবাদ পোর্টাল, টিভি চ্যানেল, সংগঠনটির বিভিন্ন শাখার প্রতিবেদনের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
সংবাদ সম্মেলনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে মোট ৩ হাজার ৩৪৯টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সড়কপথে ৩ হাজার ১৩১টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ হাজার ৩৯৭ জন এবং আহত হয়েছেন ৭ হাজার ৭৩৬ জন। রেলপথে ১৪৭টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০১ জন। আহত ১১৭ জন। নৌপথে ৩৮টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালের চেয়ে ২০১৭ সালে দুর্ঘটনার সংখ্যা বেড়েছে ১ হাজার ৩৩টি। দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ হাজার ৯০৮ জন, যা ২০১৬ সালের চেয়ে প্রায় ৩৩ শতাংশ বেশি। নিহত ব্যক্তিদের মধ্যে অর্ধেকের বেশি পথচারী। এই সংখ্যা ২ হাজার ৮০৪ জন।
ঢাকা জেলায় সবচেয়ে বেশি ৪০১টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪২৭ জন। এরপরই রয়েছে চট্টগ্রামের অবস্থান। এই জেলায় ২২৮টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৭৭ জন।
লিখিত বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, ২০১৭ সালে বেশির ভাগ দুর্ঘটনা ঘটেছে বড় বড় শহর ও হাইওয়েতে। ছোট ছোট অবৈধ যানবাহন ভ্যান, রিকশা, নছিমন, অটোরিকশা ইত্যাদি বেশি দায়ী। আইন অমান্য করে ধীরগতির বাহন মহাসড়কে এখনো চলাচল করে। ফলে দূরপাল্লার বড় গাড়িগুলোর চলাচল বাধাগ্রস্ত হয়। স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশকে এ ব্যাপারে তেমন কোনো কার্যকর ভূমিকা পালন করতে দেখা যায় না। অবৈধ যানবাহন চলাচলে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের প্রচ্ছন্ন সহযোগিতাও রয়েছে।