
ব্যথায় অনবরত কাঁদছে ছোট্ট ওয়াহেদা (৫)। কান্না থামাতে শিশুটিকে কোলে নিয়ে মা মরিয়ম বেগম ওয়ার্ডের ভেতরে হাঁটাহাঁটি করছেন। কখনো নিজেও কাঁদছেন। দুর্ঘটনায় শিশুটির বাঁ পা গুরুতর জখম হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে বাঁ পা কেটে ফেলা হয়। এর চার সপ্তাহ পর শিশুটির বাঁ হাতও (কবজি থেকে নিচের অংশ) কেটে ফেলা হয়েছে।
শিশুটির মা মরিয়ম বেগমের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে তাঁর মেয়ের বাঁ হাত কেটে ফেলতে হয়েছে। তাঁর বক্তব্য, শিশুটির বাঁ হাতে জখম ছিল না। এ নিয়ে গতকাল সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন শিশুটির বাবা মোজাহের আহমদ।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের ২৬ নম্বর অর্থোপেডিক বিভাগের ৮৮ নম্বর শয্যায় ওয়াহেদা চিকিৎসাধীন রয়েছে। তাদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চানপুর এলাকায়। বাবা মোজাহের আহমদ মাংসের দোকানের কর্মচারী, মা মরিয়ম বেগম গৃহিণী।
শিশুটির মা জানান, গত ২৪ আগস্ট বাড়ির কাছে একটি পিকআপের ধাক্কায় শিশুটি আহত হয়। ওই দিনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তির পর শিশুর বাঁ পা কেটে ফেলা হয়। এরপর গত বৃহস্পতিবার শিশুটির বাঁ হাতের কবজিসহ নিচের অংশ কেটে ফেলা হয়।
শিশুটির পরিবারের অভিযোগ, ভর্তির সময় রোগীর ফাইলে (চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র) লেখা ছিল যে বাঁ পায়ে গুরুতর আঘাত রয়েছে। অন্য কোথাও আঘাতের কথা লেখা ছিল না। ফাইলের পুরোনো কাগজ গত রোববার বিকেলে সরিয়ে ফেলা হয়েছে বলে শিশুটির বাবা অভিযোগ করেছেন।
রোগীর ফাইল পরিবর্তনের অভিযোগের বিষয়ে হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অলক বিশ্বাস বলেন, ‘জুনিয়র ডাক্তারেরা ফাইল তৈরি করেন। তাঁরা তখন আর কোথায় আঘাত রয়েছে, সেটি বুঝতে পারেননি। তাই পায়ের কথা লেখা ছিল।’
হাসপাতালের পরিচালকের কাছে শিশুটির বাবা মোজাহের আহমদের লিখিত অভিযোগে বলা হয়, পায়ে অস্ত্রোপচারের পর শিশুটির বাঁ হাতে ক্যানোলা (ইনজেকশন দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা) লাগানো হয়। কিন্তু ক্যানোলাটি শিরায় না দিয়ে ভুলে মাংসে লাগানো হয়। ফলে ইনজেকশন দেওয়ার পর শিশুর হাত ফুলে যায়। পরে হাতে অস্ত্রোপচার করে ইনজেকশনের পানি বের করার চেষ্টা করা হয়। কিন্তু হাতটি আস্তে আস্তে কালো হয়ে যায়। পরে ১৭ সেপ্টেম্বর অস্ত্রোপচার করে হাত কেটে ফেলা হয়।
শিশুটির পরিবারের অভিযোগের বিষয়ে অর্থোপেডিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক অলক বিশ্বাস বলেন, শিশুটির পা কোনোভাবে রক্ষা করা সম্ভব ছিল না। তাই পা কেটে ফেলা হয়। এ ছাড়া হাত, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছিল। হাতটি ফোলা ছিল। এরপর হাতে ইনফেকশন (সংক্রমণ) হয়ে যায়। একসময় সেপটিসেমিয়া হয়ে যায়। এতে ইনজেকশন দ্রুত ছড়িয়ে পড়ে। হাতটি রক্ষা করার চেষ্টা করেও পারা যায়নি।
শিশুটির হাতে কে ক্যানোলা লাগিয়েছেন এবং হাতের অস্ত্রোপচার কে করেছেন, সে বিষয়ে অর্থোপেডিক বিভাগ কোনো তথ্য জানাতে চায়নি।
শিশুটির বাবা মোজাহের প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ের পা ও পেট ছাড়া অন্য কোথাও আঘাত ছিল না। বাঁ হাতে আঘাত থাকলে সেটার এক্স-রে করা হতো। কিন্তু পা ছাড়া আর কিছুর এক্স-রে করা হয়নি। ইনজেকশন দেওয়ার পর ওই হাতটি ধীরে ধীরে কালো হয়ে যায়।’
অভিযোগের বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি প্রথম আলোকে বলেন, ‘লিখিত অভিযোগটি রোগীর আত্মীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক দিয়ে গেছেন আমাকে। আমি অন্য বিভাগের চিকিৎসকদের দিয়ে একটি কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।’
শিশুটির আত্মীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক আ ম কাজী হারুন উর রশীদ বলেন, ‘চিকিৎসকের ভুলে শিশুটির জীবন আজ বিপন্ন। ক্যানোলা ভুলভাবে দেওয়ার কারণে এই অবস্থা হয়েছে। এ নিয়ে অভিযোগ করার পর ডাক্তারেরা এখন রোগীর ফাইলের কাগজপত্র পরিবর্তন করে ফেলেছে। শিশুটিকে এখন ঠিকমতো চিকিৎসাও দেওয়া হচ্ছে না।’