দুর্ঘটনায় প্রথম আলোর সাংবাদিক হরি কিশোর গুরুতর আহত

রাঙামাটিতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক হরি কিশোর চাকমা (৫৩) মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাঁকে চট্টগ্রামে মেহেদিবাগ ম্যাক্স হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারালে রাঙামাটি সদর হাসপাতাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আজ শুক্রবার সকাল আটটায় হরি কিশোরের ছোট ভাই সূর্য কিশোর চাকমা জানান, হরি কিশোর মাথায় আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, হরি কিশোরের অস্ত্রোপচার প্রয়োজন।
আহত সাংবাদিক হরি কিশোর চাকমার ঘনিষ্ঠ স্বজন নমিতা চাকমা জানান, হরি কিশোর গতকাল সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে রাঙামাটি সদর হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রামে হরি কিশোরের সঙ্গে থাকা আত্মীয় বিশ্বরুপ চাকমা চিকিৎসকের বরাত দিয়ে জানান, সিটি স্ক্যানে হরি কিশোরের মাথায় আঘাত পাওয়ার বিষয়টি ধরা পড়েছে। অস্ত্রোপচারের জন্য তাঁকে দ্রুত ঢাকায় নিতে হবে।