দুর্ঘটনায় প্রথম আলো বহনকারী গাড়ির চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যাওয়া প্রথম আলো বহনকারী পিকআপ ভ্যান। ছবি: প্রথম আলো
সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যাওয়া প্রথম আলো বহনকারী পিকআপ ভ্যান। ছবি: প্রথম আলো

নীলফামারীর সৈয়দপুরে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেছে প্রথম আলো বহনকারী পিকআপ ভ্যান। এতে চালক মো. বিশাল (৩৫) মারা গেছেন। আহত হয়েছেন চালকের সহকারী ফরিদুল ইসলাম (৪০)। আজ শনিবার ভোরে কামারপুকুর বাজারের সৈয়দপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ফরিদুল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, প্রথম আলো পত্রিকাবাহী পিকআপ ভ্যানটি পঞ্চগড়ের উদ্দেশে বগুড়া ছেড়ে আসে। ভোর পাঁচটার দিকে পিকআপ ভ্যানটি সৈয়দপুরের কামারপুকুর বাজারের সৈয়দপুর-রংপুর মহাসড়কের সড়ক বিভাজকে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। আহত হন চালক ও তাঁর সহকারী। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালক বিশাল মারা যান।
সৈয়দপুর থানার টহলরত পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসী এই উদ্ধার কাজে অংশ নেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, নতুন সড়ক বিভাজক নির্মাণ করা হলেও সতর্ক চিহ্ন ও রং না থাকায় চালক বুঝতে পারেননি। এতে পিকআপটি ওই বিভাজকে প্রচণ্ড জোরে ধাক্কা খায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, নিহত বিশাল বগুড়া সদরে কইতকুল গ্রামের মো. সবুজের ছেলে। তাঁর সহকারীর বাড়িও একই এলাকার টুপি গ্রামে।