দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিশুসহ মা-বাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাড়িউড়া শাহবাস্তুর বাসস্ট্যান্ডের কাছে একটি মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই শিশুসহ মা-বাবা।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে ঢাকাগামী মাইক্রোবাস ও বিপরীত থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ওই পরিবারের চারজন নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশার চালকও নিহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহতেরা হলেন, মো. এখলাছুর রহমান (৪২), তাঁর স্ত্রী মরিয়ম বেগম, তাঁদের সন্তান তাহসিনুর রহমান (৫) ও  আবরার এ মইন (৭ মাস)। নিহত অটোরিকশার চালকের নাম আলমগীর মিয়া (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা পাঁচজন নিহত হন। দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে যান। মাইক্রোবাসে কোনো যাত্রীকেও পাওয়া যায়নি।

নিহত এখলাছুর রহমান জেলা সদর হাসপাতালের স্বাস্থ্য সহকারী। তাঁর স্ত্রী শাহজাদপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

সরাইল বিশ্বরোড মোড়ের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।