দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্য ও শিশুসহ আরও ছয়জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক-মহাসড়কে দুর্ঘটনা কেড়ে নিল আরও অন্তত ছয়টি প্রাণ। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ছয় জেলায় নিহত হয়েছেন তাঁরা। এর মধ্যে গতকাল নওগাঁয় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন সেনাসদস্যসহ দুজন। ধর্মঘটের কারণে বাস না পেয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে এক শিশু নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ নিয়ে গত ২০ দিনে বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ২০০ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর ঢাকার বাইরে সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নওগাঁর ধামইরহাট উপজেলার আমাইতাড়া-বীরগ্রাম সড়কে গতকাল সকালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেনাসদস্যসহ দুজন নিহত হন। তাঁরা হলেন আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আজমী মান্না (৩১) ও কালুপাড়া বুধুপাড়া গ্রামের আনছার আলীর ছেলে সেনাসদস্য ফরহাদ হোসেন (২৮)। তাঁরা মোটরসাইকেলে বস্তাবর গ্রাম থেকে উপজেলা সদরে যাওয়ার পথে চানকুড়ি মোড়ে দুর্ঘটনার শিকার হন। আবদুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ফরহাদও মারা যান। ফরহাদ যশোর সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে। নিহত দুজন পরস্পরের আত্মীয়।
গতকাল ভোররাত সাড়ে চারটায় বগুড়ার শেরপুরের ররোয়া এলাকায় একটি ট্রাককে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে নিহত হয় ট্রাকের আরোহী শিশু মোহাম্মদ আলী (৭)। ট্রাকটি মহাসড়কের ওপর বিকল হয়ে পড়লে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দিলে তা পথের পাশের গাছকে ধাক্কা দেয়। ট্রাকচালকের কেবিনে ছিলেন পোশাক কারখানার কর্মী আরিফুল ইসলাম ও তাঁর শিশুসন্তান মোহাম্মদ আলী। পরিবহন ধর্মঘটের কারণে বাস না পেয়ে আরিফুল ইসলাম ছেলেকে নিয়ে ট্রাকে উঠেছিলেন। তাঁদের বাড়ি রংপুরের পীরগঞ্জে। আহত ১০ জন পোশাক কারখানার কর্মীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে গতকাল সকালে মোটরসাইকেল-করিমন সংঘর্ষে আব্বাস আলী (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
পাবনার সুজানগরে পাবনা-ঢাকা মহাসড়কে গতকাল বিকেলে মাটিভর্তি ট্রলির ধাক্কায় বজলুর রশিদ (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনি মিয়াপুর হাজী জসিমউদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষক।
মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাসস্ট্যান্ডে মঙ্গলবার দুপুরে ইটবোঝাই ট্রলির ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধা পূরবী খাতুন (৭০) গতকাল দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এদিকে রাজশাহী নগরের তালাইমারি এলাকায় গতকাল সকালে অটোরিকশার ধাক্কায় মাছরাঙা টিভির ক্যামেরাম্যান মাহফুজুর রহমান আহত হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‘ফেব্রুয়ারিতে দুর্ঘটনা বেড়েছে’
এদিকে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এ বছর জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনা ও এতে হতাহতের সংখ্যা বেড়েছে। তাদের উল্লেখ করা হিসাবে ফেব্রুয়ারিতে দেশে প্রতিদিন গড়ে ১৫ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে গড়ে ১৩টি।