দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে ও মাদারীপুরের শিবচরে আজ মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর...

ময়মনসিংহ: ত্রিশাল থানার পুলিশ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আজ বিকেল চারটার দিকে বাগান চেয়ারম্যানবাড়ি মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আজিজুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ ধারণা করছে তাঁর বয়স ৪৫ বছরের মতো হবে। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় এক শিশু, দুই তরুণীসহ চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশু ও এক তরুণীর মৃত্যু হয়। অপর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত ব্যক্তিরা একই পরিবারের এবং প্রাইভেট কারের যাত্রী বলে জানা গেছে। তারা জামালপুর থেকে ঢাকা যাচ্ছিল।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মচারী মো. হেলাল উদ্দিন জানান, নিহত শিশু ও তরুণীর লাশ হাসপাতালের জরুরি বিভাগের সামনে রয়েছে। তাদের পরিচয় শনাক্ত হয়নি।

মাদারীপুর: দুর্ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, প্রায় ৫০ জন যাত্রী নিয়ে শিবচর বাসস্ট্যান্ড থেকে খান এন্টারপ্রাইজের একটি বাস শরীয়তপুরের গোপালপুর যাচ্ছিল। বাসটি ভদ্রাসন এলাকায় পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসের চালকের সহকারী মিরাজুল ইসলাম বাসের নিচে চাপা পড়েন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। তাঁর বয়স ২২ বছরের মতো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার মিয়া বলেন, দুর্ঘটনায় আহত ১২ জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে দুজন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।