দুর্ঘটনায় প্রাণহানি রোধে হেলমেট বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন গতকাল হেলমেট বিক্রি কর্মসূচির উদ্বোধন করেন l প্রথম আলো
শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন গতকাল হেলমেট বিক্রি কর্মসূচির উদ্বোধন করেন l প্রথম আলো

শরীয়তপুরে গত এক বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২০ জন প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই তরুণ। মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা কমাতে জেলা পুলিশ বিভাগ মোটরসাইকেল-চালকদের হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করার কর্মসূচি নিয়েছে। তারা বাজারমূল্য থেকে প্রায় ২০০ টাকা কম দামে চালকদের কাছে হেলমেট বিতরণ শুরু করেছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের কোর্ট ব্রিজের কাছে ট্রাফিক পুলিশ বক্সের সামনে পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন এ কর্মসূচির উদ্বোধন করেন। ওই স্থান ছাড়াও গতকাল শহরের মনোহরবাজার পুলিশের আরেকটি দল কর্মসূচি পালন করে।
সরেজমিনে দেখা গেছে, হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেল আরোহী ওই দুটি স্থানের সামনে দিয়ে গেলেই পুলিশ সদস্যরা তাঁদের পথরোধ করেন। তাঁরা হেলমেট ব্যবহার না করার কারণ জানতে চান। কেউ হেলমেট না থাকার কথা জানালে পুলিশ সদস্যরা তাঁদের কাছ থেকে কম দামে কিনতে অনুরোধ করেন। এরপর চালকেরা ৪০০ নয়তো ৬০০ টাকা পরিশোধ করে হেলমেট কেনেন। শরীয়তপুরের বাজারে ওই দুই ধরনের হেলমেটের দাম যথাক্রমে ৬০০ ও ৮০০ টাকা।
এমনি করে গতকাল ১১টা থেকে বেলা তিনটা পর্যন্ত ট্রাফিক পুলিশ বক্সের সামনে ৬৮ জন ও মনোহরবাজারে ৩২ জন চালকের মধ্যে হেলমেট বিক্রি করা হয়।
ট্রাফিক পুলিশ বক্সের সামনে হেলমেট কেনেন পৌর এলাকার কাগদির ইকবাল হোসেন ও সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মনিরুল ইসলাম। ইকবাল বলেন, ‘পুলিশের উদ্যোগ নেওয়ার আগেই আমাদের কেনা দরকার ছিল। আমরা ভুল করেছিলাম।’
মনিরুল বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় আঘাত লাগলেই চালক ও আরোহীদের প্রাণ হারাতে হয়। হেলমেট ব্যবহার না করায় প্রাণহানির সংখ্যা বাড়ছে। এসব জানার পরও আমরা অনেকে হেলমেট ব্যবহার করি না। পুলিশের এই উদ্যোগ নিয়েছে প্রশংসনীয়।’
পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, ‘মোটরসাইকেল-চালকেরা হেলমেট ব্যবহার করলে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা কমানো সম্ভব। আমরা বিভিন্ন সময় মামলা ও জরিমানা করেও চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করতে পারছিলাম না। তাই স্বল্পমূল্যে হেলমেট সরবরাহ করে শতভাগ মোটরসাইকেল-চালককে হেলমেট ব্যবহার নিশ্চিত করতে চাই।’
পুলিশ সুপার জানান, ঈদের আগ পর্যন্ত এই কর্মসূচি চলবে। এরপর আবার শুরু হবে।