>সড়ক দুর্ঘটনা
গতকাল ৮ জনসহ ৪৬ দিনে নিহত ৪২৮
*সড়ক পরিবহন আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন * চালককে অষ্টম শ্রেণি পাস হতে হবে
খসড়া সড়ক পরিবহন আইনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি একই থাকছে। খসড়ায় বলা হয়েছে, দুর্ঘটনায় প্রাণহানি বা গুরুতর আহত হলে তা দণ্ডবিধির অপরাধ বলে বিবেচিত হবে। কিন্তু এটি দণ্ডবিধির কোন ধারার অপরাধ হবে, তা উল্লেখ করা হয়নি।
এর ফলে দুর্ঘটনায় প্রাণহানির জন্য দায়ী ব্যক্তিদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান করার যে দাবি উঠেছে, তা আমলে নেওয়া হয়নি।
দণ্ডবিধির ৩০৪ (খ) ধারায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির দায়ে সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড। একমাত্র চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের প্রাণহানির ঘটনায় মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত বাসচালক জামির হোসেনকে ৩০৪ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তারেক, মিশুকসহ পাঁচজনের প্রাণহানির পর প্রতিবাদের ঝড় উঠলে ৩০৪ ধারাসহ দণ্ডবিধির পাঁচটি ধারায় মামলা করে পুলিশ। তাঁদের প্রাণহানির পর নরহত্যা, অর্থাৎ ৩০২ ধারায় সড়ক দুর্ঘটনার পাঁচটি মামলা হয়েছিল। কিন্তু মালিক ও শ্রমিক সংগঠনের চাপে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই মামলার ধারা পরিবর্তন করে।
সচিবালয়ে গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সড়ক পরিবহন আইন, ২০১৭-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। বর্তমানে পরিবহন খাত পরিচালিত হয়ে আসছে ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অনুসারে। ২০১০ সাল থেকে নতুন আইন প্রণয়নে কাজ করা হচ্ছে।
মন্ত্রণালয় সূত্র বলেছে, মালিক ও শ্রমিকনেতাদের চাপেই সরকার দুর্ঘটনার শাস্তি বাড়ায়নি। এই খসড়া প্রণয়নকালে নাগরিক সমাজের প্রতিনিধিরা সড়ক দুর্ঘটনার দায়ে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ার দাবি জানান। পাল্টা কর্মসূচি হিসেবে আন্দোলনে নেতৃত্ব দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। আর পরিবহন মালিকদের সংগঠন সড়ক পরিবহন সমিতির সভাপতি হলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান। গত ফেব্রুয়ারিতে বাসচালক জামিরের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে ধর্মঘটের সিদ্ধান্ত হয় নৌমন্ত্রীর সরকারি বাসভবনে।
মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী পরে প্রথম আলোকে বলেন, বৈঠকে খসড়াটি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দুর্ঘটনায় মৃত্যুর জন্য সর্বোচ্চ শাস্তির পক্ষে জোরালো মত দেন।
জানতে চাইলে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আসলে সরকার সাধারণ মানুষের চেয়ে মালিক-শ্রমিক সংগঠনের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছে। কারণ, মালিক-শ্রমিকনেতারা প্রভাবশালী।’
মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, দণ্ডবিধিতে বিধান হলো তিন রকম। নরহত্যা (উদ্দেশ্যপ্রণোদিতভাবে) হলে ৩০২ ধারা প্রযোজ্য হবে। এতে শাস্তি মৃত্যুদণ্ড। আর খুন নয় এমন ঘটনায় ৩০৪ ধারা অনুযায়ী সাজা দেওয়া হবে, তার জন্য যাবজ্জীবন কারাদণ্ড। আর শুধু সড়ক দুর্ঘটনার জন্য হলো ৩০৪ (খ)। এর জন্য তিন বছরের কারাদণ্ড। তিনি বলেন, ছয় মাসের অধিক কারাদণ্ড বা ৫০ হাজার টাকার অধিক জরিমানা দণ্ডের অপরাধগুলোর জন্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে অনধিক ছয় মাসের কারাদণ্ড অথবা অনধিক ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া যাবে। জাল লাইসেন্সের জন্য জরিমানা বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে। ফিটনেসবিহীন গাড়ি চালালে এক বছর কারাদণ্ড বা অনধিক ১ লাখ টাকা জরিমানা গুনতে হবে। এখন এই অপরাধের জন্য ছয় মাস কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
প্রাণহানির শাস্তি বাড়েনি
গত ৪৬ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪৪৬ জনের। এর মধ্যে গত রোববার চুয়াডাঙ্গায় ট্রাক-নছিমন সংঘর্ষে এক গ্রামের ১২ জনসহ ১৩ জনের প্রাণ গেছে।
নাগরিক সমাজের প্রতিনিধি ও যাত্রী নিরাপত্তা নিয়ে সোচ্চার সংগঠনগুলো সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করার দাবি তুলেছিল। আবার কেউ কেউ খুন নয় এমন নরহত্যার দায়ে, অর্থাৎ ৩০৪ ধারায় বিচারের পরামর্শ দিয়েছিলেন। সড়ক দুর্ঘটনায় প্রাণহানির অপরাধের বিষয়টি অজামিনযোগ্য ধারায় অন্তর্ভুক্ত করার দাবি ছিল ভুক্তভোগীদের।
জানতে চাইলে চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন প্রথম আলোকে বলেন, তাঁর সংগঠন সড়ক দুর্ঘটনায় প্রাণহানির দায়ে দোষী ব্যক্তিদের ১০ বছরের কারাদণ্ড দাবি করেছিল। পাশাপাশি এই ধারা যাতে অজামিনযোগ্য হয়, সেই দাবি ছিল। তিনি বলেন, এরশাদের আমলে অজামিনযোগ্য ধারায় ১০ বছরের কারাদণ্ডের বিধান করা হয়েছিল। মালিক-শ্রমিকদের চাপে পরে তা বাতিল করা হয়। তাঁরা এটিই আবার সংযোজনের দাবি জানিয়েছেন।
প্রস্তাবিত আইনে যা আছে
প্রস্তাবিত আইনে চালকের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। চালকের জন্য রাখা হয়েছে ১২ পয়েন্ট, যা প্রতিটি অপরাধের পর কাটা যাবে। ৬ পয়েন্ট কাটা গেলে এক বছরের জন্য চালক লাইসেন্স স্থগিত এবং সব পয়েন্ট কাটা গেলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। চালকের সহযোগীরও (কন্ডাক্টর) লাইসেন্স লাগবে। তাঁকে হতে হবে কমপক্ষে পঞ্চম শ্রেণি পাস।
সড়কে দুটি গাড়ি পাল্লা দিয়ে (রেসিং) চালানোর সময় যদি দুর্ঘটনা ঘটে, সে ক্ষেত্রে তিন বছরের কারাদণ্ড অথবা ২৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
চলন্ত অবস্থায় চালক মুঠোফোনে কথা বললে এক মাসের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা গুনতে হবে। একই শাস্তি রাখা হয়েছে নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়োজ্যেষ্ঠদের জন্য সংরক্ষিত আসনে অন্যরা বসলে।
খসড়ায় ২৫টি সাধারণ নির্দেশনা রয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে, যান চালানোর সময় নেশা পরিহার; যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার না করা; ফুটপাত দিয়ে যানবাহন না চালানো; সড়কে বিপরীত দিক থেকে যান চালানো যাবে না; চলন্ত অবস্থায় যাত্রী ওঠানামা নিষিদ্ধ ইত্যাদি। এসব নির্দেশনা অমান্যের জন্য এক মাস থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডের কথা বলা হয়েছে। আইনের বিস্তারিত ব্যাখ্যা বিধিতে উল্লেখ থাকবে।
নাগরিক সমাজের দাবি উপেক্ষিত
পরিবহন চলাচলের অনুমতি প্রদান ও ভাড়া নির্ধারণের কমিটিতে শুধু সরকারি কর্মকর্তা ও মালিক-শ্রমিক প্রতিনিধি রাখার কথা বলা হয়েছে খসড়া আইনে। কমিটিতে যাত্রী প্রতিনিধি রাখার দীর্ঘদিনের দাবি উপেক্ষা করা হয়েছে।
জানতে চাইলে সড়ক নিরাপত্তার দাবিতে সোচ্চার গবেষক সৈয়দ আবুল মকসুদ প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি জঙ্গি তৎপরতার মতোই ভয়াবহ। সড়ক নিরাপত্তার জন্য সময়োপযোগী আইনের দাবি ছিল তাঁর। প্রাণহানির শাস্তির বিষয়ে তিনি বলেন, ‘আমাদের দাবি ছিল সর্বোচ্চ শাস্তি। অন্তত ১০ বছরের নিচে শাস্তি মেনে নিতে পারি না। খসড়াটির পর্যালোচনা দাবি করছি।’