দুর্ঘটনায় বিজিবি সদস্য ও পত্রিকা পরিবেশক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। কুষ্টিয়ায় ট্রাকের চাপায় এক পত্রিকা পরিবেশক নিহত হয়েছেন।

বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে ঝালকাঠির বৈদারাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বিজিবির সদস্য সোহাগ হোসেন (২৮) নিহত ও তাঁর ছোট ভাই প্রবাসী সগির হোসেন আহত হয়েছেন।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় শৌলা গ্রামের বাসিন্দা দুই ভাই গতকাল রোববার বেলা দুইটার দিকে মোটরসাইকেলে করে বরিশাল যাওয়ার পথে বৈদারাপুরে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই আহত হন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির করার পর সন্ধ্যায় সোহাগ মারা যান। সোহাগ বিজিবির সিলেট অঞ্চলে কর্মরত ছিলেন।

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের জুগিয়া পালপাড়া এলাকায় গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ট্রাকের চাপায় এক পত্রিকা পরিবেশক নিহত হয়েছেন। নিহত রিহাবুল ইসলাম (৩০) কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।