দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পঞ্চম সেমিস্টারের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাঁর নাম রাকিব বখতিয়ার।
রাকিব বখতিয়ারের চাচা রনি চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সোমবার রাতে রাকিব ওর বন্ধুবান্ধবদের সঙ্গে ছিল। রাতের দিকে হাতিরঝিলে বেড়াতে গিয়েছিল। আজ (মঙ্গলবার) ভোর ৫টার দিকে বাসায় ফোন করে। জানায় একটু পরেই সে তেজকুনিপাড়ার বাসায় ফিরবে। এর অল্প কিছুক্ষণ পরই ফোন বন্ধ হয়ে যায়।’ পরে তাঁরা পুলিশের সঙ্গে কথা বলে জানতে পারেন, ভোর সাড়ে ৫টার দিকে মালিবাগের আবুল হোটেলের সামনে রাকিবের মোটরসাইকেলকে পেছন থেকে গাড়ি ধাক্কা দেয়। শব্দ পেয়ে একটি ভবনের নিরাপত্তারক্ষী বেরিয়ে আসেন। রাকিবের নিথর দেহ রাস্তার মাঝখান থেকে তুলে আনেন। এরপর রমনা থানা-পুলিশ এসে রাকিবের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যান। সেখান থেকে বিকেলেই বরিশালের গৌরনদীতে লাশ দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।
দুই ভাই দুই বোনের মধ্যে রাকিব ছিল সবার ছোট। রাকিবের চাচা রনি চৌধুরী বলেন, রাকিবের মায়ের কান্না থামানো যাচ্ছে না।
ওই ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে। থানার উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, ওই ঘটনায় কাউকে পুলিশ গ্রেপ্তার করেনি। ভোরবেলায় রাকিবের মোটরসাইকেলটি বাস, ট্রাক না ব্যক্তিগত গাড়ি ধাক্কা দিয়েছে তা জানা যায়নি।