দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, বোন হাসপাতালে

রাজধানীর শেরেবাংলা নগরে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আরিফুর রহমান (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর বোন ইতি (২৫)। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পেছনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী পথচারী মো. হানিফ জানান, আরিফুর রহমান মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে থামিয়ে রাখা একটি কাভার্ড ভ্যানের নিচে ঢুকে যায়। তিনি দেখতে পেয়ে সেখান থেকে আশপাশের লোকজনের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের আত্মীয়স্বজনেরা এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া সাতটায় আরিফকে মৃত ঘোষণা করেন। আর বোন ইতিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাঁদের ফুপাতো ভাই আওলাদ হোসেন জানান, আরিফের বাসা পুরান ঢাকার নবাবপুর রোডে। তিনি নিউ মডেল ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। ইতি বিবাহিত। তাঁর স্বামী রনির বাড়ি রাজধানীর শেওড়াপাড়ায়। কয়েক দিন আগে রনি দুর্ঘটনায় আহত হয়ে শেরেবাংলা নগর এলাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে দেখে শেওড়াপাড়ার বাসায় যাওয়ার পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। আরিফের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।