দুর্ঘটনায় ভৈরব বন্ধুসভার পাঠচক্র সম্পাদক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোয়াজ্জেম হোসাইন
মোয়াজ্জেম হোসাইন

প্রথম আলো ভৈরব বন্ধুসভার পাঠচক্রবিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসাইন (২৩) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ এলাকায় মাইক্রোবাসের চাপায় তিনি প্রাণ হারান।

মোয়াজ্জেম ভৈরব পৌর শহরের কমলপুর এলাকার মাহাবুবুর রহমানের ছেলে। তিনি দোহারের হাজী আসমত কলেজের হিসাববিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার দিকে মোয়াজ্জেম মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসকে পেছন দিক থেকে ঢাকাগামী তিতাস পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে মাইক্রোবাসে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মোয়াজ্জেম। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরিবারের সদস্যরা জানান, মোয়াজ্জেম ভৈরব শহরের আবেদীন হাসপাতালে ভর্তি থাকা এক আত্মীয়কে রক্ত দিতে যাওয়ার কথা বলে বেলা দুইটার দিকে বাড়ি থেকে বের হয়েছিলেন।

হাসপাতালে ছেলের লাশের পাশে বসে মোয়াজ্জেমের বাবা মাহাবুবুর রহমান বলেন, ‘আমার ছেলে অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজেই জীবন দিল।’

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার জানান, মাইক্রোবাস ও যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। তবে মাইক্রোবাসের চালক পালিয়ে গেছেন।

ভৈরব বন্ধুসভার সাধারণ সম্পাদক জনি আলম জানান, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আজ বুধবার বেলা ১১টায় ‘দুর্জয় ভৈরব’ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করবে বন্ধুসভা।