দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। একই দিন যশোরে ট্রাকের চাপায় গ্রামীণফোনের একজন আঞ্চলিক বিপণন কর্মকর্তা নিহত হন।

ফরিদপুরে নিহত ব্যক্তিরা হলেন আলফাডাঙ্গা উপজেলার ফুলধর গ্রামের মো. ওহিদুল শেখের স্ত্রী সেলিনা আক্তার (৪২) ও তাঁর ছেলে মো. সুমন শেখ (২১)। সুমন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র। যশোরের ঘটনায় গ্রামীণফোনের যশোর কার্যালয়ের বিপণন কর্মকর্তা খোরশেদ আলম (২৮) নিহত হন।

ফরিদপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. আরিফ হোসেন বলেন, সুমন গতকাল মোটরসাইকেলে করে মা সেলিনা আক্তারকে নিয়ে আলফাডাঙ্গা যাচ্ছিলেন। বেলা তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের পল্লী বিদ্যুতের প্রধান কার্যালয়ের সামনে একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি উল্টে যায়। এ সময় পেছন থেকে আসা খুলনাগামী রয়েল পরিবহনের একটি বাস তাঁদের চাপা দেয়। এতে সেলিনা ঘটনাস্থলেই মারা যান। আর সুমনকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।

সেলিনার ভাতিজা মো. সেকেন্দার আলম জানান, একটি মামলায় মা সেলিনা ও ছেলে সুমন আসামি ছিলেন। গতকাল সেই মামলার তারিখ ছিল। ফরিদপুরের আদালতে সেই মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে তাঁরা দুর্ঘটনায় নিহত হন।

এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে খোরশেদ আলম তাঁর দুই সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলে করে যশোর থেকে মনিরামপুরে যাচ্ছিলেন। যশোর-সাতক্ষীরা সড়কের মনিরামপুর উপজেলার হাজরাকাটি এলাকায় পৌঁছালে ইটভাটার মাটিবোঝাই একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকটি খোরশেদকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তাঁর দুই সহকর্মীকে গুরুতর অবস্থায় মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।