দুর্ঘটনায় মা-মেয়েসহ পাঁচজন নিহত
টাঙ্গাইলে গতকাল শুক্রবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এর মধ্যে ঘাটাইল উপজেলার দেউলাবাড়িতে একটি বাস ও একটি টেম্পোর সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হন। বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশের সংযোগ সড়কে অপর দুর্ঘটনায় একজন ট্রাকচালকসহ দুজন নিহত হন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবীর বলেন, ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে দেউলাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই টেম্পোর যাত্রী মধুপুর উপজেলার গাঙ্গাইর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রওশনারা বেগম (৩৫) ও তাঁর মেয়ে মীম (৭) এবং গোপালপুরের ধোপাকান্দি গ্রামের হেদায়েত উল্লাহ (৩৫) নিহত হন।
এদিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আখেরুজ্জামান বলেন, সেতুর পূর্ব পাশের সংযোগ সড়কের শল্লা নামক স্থানে একটি বাসের চাকা ফেটে যায়। বাসটির চাকা পাল্টানোর সময় এর যাত্রীরা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাক রেখা বেগম (২২) নামের এক যাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। রেখা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা গ্রামের আল-আমীনের স্ত্রী।
ট্রাকটি রেখাকে চাপা দিয়ে দ্রুত পালানোর সময় কিছু দূরে গিয়ে অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে দ্বিতীয় ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এর চালক তপন কুমার (৩৫) নিহত ও চালকের সহকারীসহ তিন আরোহী আহত হন। তপনের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার কালীতলা গ্রামে। তবে যে ট্রাকের ধাক্কায় এসব হতাহতের ঘটনা ঘটে, সেটি পালিয়ে গেছে।