দুর্ঘটনায় মা-মেয়েসহ চার জেলায় পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনা মা ও মেয়ে নিহত হয়েছেন। একই দিন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও ফরিদপুরে তিনজন নিহত হয়েছেন। 

আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

মঠবাড়িয়া (পিরোজপুর): বাগেরহাটের ফকিরহাটের কালাইপুর গ্রামের কানাই দাসের স্ত্রী রুপালি রানী (৪০) ও তাঁর মেয়ে ঝুমুর দাস (৬) গত শনিবার মঠবাড়িয়ার গুলিসাখালী গ্রামে তাঁর(রুপালি) বোনের বাড়িতে বেড়াতে যান। গতকাল সকালে রুপালি ব্যাটারিচালিত রিকশায় বোনের বাড়ি থেকে উপজেলার বড় মাছুয়া গ্রামে বাবার বাড়িতে যাচ্ছিলেন। পথে উত্তর কবুতরখালী এলাকায় সকাল সাড়ে আটটার দিকে তাঁদের রিকশাকে পেছন থেকে একটি রিকশা ধাক্কা দেয়। এতে মা ও মেয়ে রিকশা থেকে সড়কের ওপর পড়ে যান। এ সময় একটি বাস তাঁদের চাপা দিলে ঘটনাস্থলে রুপালি নিহত হন। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় ঝুমুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

 মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

কুষ্টিয়া: দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকায় গতকাল বেলা একটার দিকে হোসেন আলী (৩২) মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি নছিমনের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়েন। এ সময় হোসেন আলীসহ চারজন আহত হন। পরে পথচারীরা গুরুতর আহত হোসেনকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি আল্লারদর্গা এলাকার পরামানিক আলীর ছেলে। আহত অন্যরা এসএসসি পরীক্ষার্থী।

এদিকে বেলা দেড়টার দিকে দৌলতপুরের গুড়েরপাড়া বাজারের কাছে একটি মোটরসাইকেলের সঙ্গে একটি নছিমনের সংঘর্ষে তিনজন আহত হন।

চুয়াডাঙ্গা: পৌর এলাকার শেখপাড়ার মফিজুল ইসলাম (৩৫) গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা থেকে সাইকেলে দামুড়হুদা যাচ্ছিলেন। পথে দামুড়হুদা বাসস্ট্যান্ডে বিপরীতমুখী একটি ট্রাক মফিজুলের বাইসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মফিজুল গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ফরিদপুর: ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি মাইক্রোবাস গতকাল বিকেল চারটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফরিদপুরের সালথার চণ্ডীবর্দী বাসস্ট্যান্ড এলাকায় আবদুর রবের চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে ওই দোকানে বসে থাকা ১২ জন আহত হন। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার সময় হালিমা খাতুন (৪০) মারা যান। হালিমা চণ্ডীবর্দী গ্রামের আলমগীর শেখের স্ত্রী। আহত অন্যদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।