দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের রাউজান তাপ বিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক আরোহী। গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. শাহীন (১৯)। তিনি রাউজানের পাহাড়তলী এলাকার মো. সানোয়ার মিয়ার ছেলে। আহত মো. জাবেদ (১৮) শাহীনের সঙ্গে ছিলেন। জাবেদ শান্তিরহাট এলাকার বাসিন্দা মো. আবদুস সাত্তারের ছেলে।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্বাস উদ্দিন প্রথম আলোকে বলেন, দুপুর ১২টার দিকে শহরগামী মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরই শাহীন ও জাবেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল রিগান বড়ুয়া প্রথম আলোকে বলেন, বেলা একটার দিকে দুজনকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন। জাবেদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় রাউজান থানায় কোনো মামলা হয়নি। পিকআপ নিয়ে এর চালক দ্রুত পালিয়ে গেছে।