দুর্ঘটনায় শিক্ষক আহত প্রতিবাদে ফটকে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহিরাগত ব্যক্তির মোটরসাইকেলের ধাক্কায় গতকাল শুক্রবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ সাত দফা দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গতকাল বেলা সোয়া দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রকিব উদ্দিন কেন্দ্রীয় মসজিদ থেকে নামাজ শেষে বের হন। এ সময় বহিরাগত ব্যক্তির একটি মোটরসাইকেল তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি বাম পা ও মাথায় গুরুতর আঘাত পান। পথচারীরা তাঁকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তাঁরা জড়িত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, পাস ছাড়া ক্যাম্পাসে যানবাহন ঢুকতে না দেওয়াসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেন। প্রক্টরিয়াল বডি এসব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সন্ধ্যা সাতটার দিকে তাঁরা তালা খুলে দেন।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা জানান, ওই শিক্ষকের বাম পায়ের দুই স্থানে হাড় ভেঙে গেছে ও মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। তাঁকে ৭২ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক হওয়ায় তাঁদের সঙ্গে কথা বলে প্রধান ফটকের তালা খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।