দুর্ঘটনায় শিক্ষকসহ সাতজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার শাজাহানপুরের সাজাপুর নামক জায়গায় গতকাল রোববার ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের যাত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন সরকার নিহত হয়েছেন। এ ছাড়া গত শনি ও গতকাল সড়ক দুর্ঘটনায় বগুড়ার দুপচাঁচিয়ায় আরেকজনসহ হবিগঞ্জ, নেত্রকোনা, বরিশাল, গাজীপুর ও মৌলভীবাজারে আরও ছয়জন নিহত হন।  

প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

বগুড়া ও দুপচাঁচিয়া: আলমগীর হোসেন সরকারের খালাতো ভাই আইন ও সালিশ কেন্দ্রের কর্মকর্তা লিয়াকত আলী বলেন, শনিবার রাতে স্ত্রী-সন্তান নিয়ে মাইক্রোবাসে করে লালমনিরহাটের উদ্দেশে রওনা হন আলমগীর হোসেন। তিনি রাজধানীর শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষক। তিনি কবি বাবুল আলমগীর হিসেবে পরিচিত। গতকাল সকাল আটটার দিকে বগুড়ার সাজাপুরে টিএমএসএস সিএনজি স্টেশনে গ্যাস নেওয়ার জন্য মহাসড়কের পাশে মাইক্রোবাস থামান চালক। এ সময় একটি ট্রাক পেছন থেকে মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা আলমগীরকে মৃত ঘোষণা করেন। 

দুর্ঘটনায় আলমগীরের স্ত্রী শামসুন নাহার (৪৫) ও ছেলে ঢাকা কমার্স কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র শামিউল ইসলাম (২০) গুরুতর আহত হন। তাঁদের প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রংপুর নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকেবিকেলেজেলারদুপচাঁচিয়া সদরের মন্দিরে পূজা-অর্চনা শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন নীরা রানী সরকার (৬০) নামের এক নারী। পথে ভটভটির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নীরা রানী নিহত হন। নীরা রানী দুপচাঁচিয়ার তালোড়া গয়াবান্দা গ্রামের গজেন্দ্রনাথ সরকারের স্ত্রী।

গাজীপুর: গতকাল দুপুরে সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় জাহিদুল ইসলাম (৭) নামের এক শিশু নিহত হয়। জাহিদুল স্থানীয় বিকে বাড়ি এলাকার আবু বকরের ছেলে। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন খান বলেন, দুপুর ১২টার দিকে মায়ের হাত ধরে জাহিদুল সড়ক পার হচ্ছিল। একপর্যায়ে ময়মনসিংহগামী একটি ট্রাকের নিচে সে চাপা পড়ে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

কমলগঞ্জ (মৌলভীবাজার): গতকাল বেলা আড়াইটায় জেলার কমলগঞ্জের করিমপুর গ্রামে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার (সিএনজি) সংঘর্ষে মতি রানী শব্দকর (৩৫) নামের এক যাত্রী নিহত হন। দুর্ঘটনায় ছয়জন আহত হন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

হবিগঞ্জ: জেলার নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সদরঘাট নতুনবাজার এলাকায় পাথরবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আজিজুল ইসলাম ওরফে সেলিম (৪৫) নামের এক ট্রাকচালক নিহত হন। শেরপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজিজুল ইসলামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। 

নেত্রকোনা: সদর উপজেলার পারলা এলাকায় শনিবার রাতে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে ট্রাকচাপায় এক পথচারী নিহত হন। তাঁর নাম আজিম উদ্দিন (২৮)। তিনি পারলা গ্রামের বাসিন্দা। নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহানুর আলম গতকাল সন্ধ্যায় বলেন, ট্রাকের চালক ইমরানকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গৌরনদী (বরিশাল): ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলার আশোকাঠি ফিলিং স্টেশনের সামনে শনিবার দুপুরে ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম বলেন, নিহত শিশুর নাম আসাদুল সরদার (১০)। সে আশোকািঠ গ্রামের সহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রাকের চালক মো. রিপনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।