লালমনিরহাটের আদিতমারীতে মাইক্রোবাসের ধাক্কায় নয় বছরের এক শিশু মারা গেছে। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের খাতাপাড়া বিসিক শিল্পনগরী এলাকায় গত রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মেঘলা। সে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের নায়গরটারী গ্রামের আফিয়ার রহমানের মেয়ে। মেঘলা পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। একজন প্রত্যক্ষদর্শী বলেন, শিশুটি খাতাপাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। চালক মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যান। পরে সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামের উপস্থিতিতে থানা-পুলিশ লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করে। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বলেন, এ ঘটনায় পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। লালমনিরহাট প্রতিনিধি