দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে একজন আড়াই বছর বয়সী মো. ইয়াছিন মোল্লা। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ইয়াছিন তার মা-বাবার সঙ্গে মোহাম্মদপুর সাদেক খান রোডের হিরা মিয়ার বস্তিতে থাকত। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ইয়াছিন বস্তির সামনের সড়কে ছোটাছুটি করছিল। এ সময় দ্রুত ধাবমান একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাবা সাব্বির মোল্লা পেশায় কৃষক। দুই ভাইয়ের মধ্যে ইয়াছিন ছোট ছিল। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সুমিত কুমার বলেন, চালক মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে গেছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।