দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন স্থানে গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাতরাস্তা মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মো. বিশু (১২) নামের এক শিশু গুরুতর আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর গতকাল শুক্রবার সকালে সে মারা যায়। রতন কুমার জানান, বিশু লেগুনা পরিবহনের চালকের সহযোগী ছিল। যাত্রী ডাকার সময় সে দুর্ঘটনার শিকার হয়। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের কাটাশুর রোডে ট্রাকের চাপায় হারুন অর রশিদ (৫৫) নামের এক ব্যক্তি মারা যান। পেশায় দুধ বিক্রেতা হারুনের বাসা কেরানীগঞ্জের এলাহীনগরে।তেজগাঁও থানার এসআই মাহফুজুল হক জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহাখালী উড়ালসড়কের পশ্চিম পাশে দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় নাসরিন আক্তার (৩৬) নামের এক নারী নিহত হন। পশ্চিম নাখালপাড়ার বাসিন্দা নাসরিনের স্বামীর নাম আবু তাহের।রমনা থানার এসআই মীর রেজাউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত দুইটার দিকে মৎস্য ভবনের সামনের সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামের এক যুবক নিহত হন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ায়।