দুর্ঘটনায় শ্রমিক নিহত, সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় নারী সহকর্মী নিহত হওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয় গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।
উপজেলার রতনদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন কেনটাকী টেক্সটাইল লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। কর্মসূচি পালনের সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ ঘটে। এতে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন। শ্রমিকেরা রাস্তায় কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও কয়েকজন শ্রমিক জানান, গতকাল সকালে কারখানায় আসার পথে মোগড়াপাড়া রতনদী এলাকায় মহাসড়কে একটি মালবাহী ট্রাক পোশাককর্মী সালমা সুলতানাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সালমা ময়মনসিংহের গৌরীপুরের বাসিন্দা। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকেরা একত্র হয়ে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই দিকে ছয় কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।